প্রচ্ছদ > বিনোদন >

৪৬ বছর পর তেলুগু সিনেমায় অনিল কাপুর, শুটিংয়ের আগে কাজলকে নিয়ে স্মৃতিতে ডুব অভিনেতার

article-img

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআরের বহু প্রতীক্ষিত ‘ড্রাগন’ সিনেমার শুটিং শুরু করতে রামোজি ফিল্ম সিটিতে পৌঁছেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর। দীর্ঘ ৪৬ বছর পর আবার তেলুগু সিনেমায় ফিরছেন তিনি। তবে ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন এ অভিনেতা। সেই পোস্টে একটি পুরোনো স্মৃতি, যার কেন্দ্রে রয়েছে অভিনেত্রী কাজল।

বুধবার ছিল কাজলের জন্মদিন। সেই উপলক্ষ্যে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানাতে গিয়ে অনিল কাপুর ফিরে গেলেন বহু বছরের পুরোনো এক শুটিংয়ের স্মৃতিতে। অভিনেতা লিখলেন—রামোজি ফিল্ম সিটিতে একসঙ্গে কাজ করার সময় কাজল মজা করে বলেছিলেন— 'বিয়ে হবে, সংসার হবে, তবু তুমি দেখবে এখনো এই ফিল্ম সিটিতেই শুটিং করে চলেছ!' 

তখন সেটি নিছকই রসিকতা বলে মনে হয়েছিল। কিন্তু আজ এত বছর পর ঠিক কাজলের জন্মদিনেই একই জায়গায় নতুন সিনেমার শুটিংয়ে ফিরতে পেরে ঘটনাটিকে ‘আশীর্বাদ’ বলেই মনে করছেন অনিল কাপুর। এর পাশাপাশি ভবিষ্যতে আবার কাজলের সঙ্গে কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

‘ড্রাগন’ অনিলের অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা হতে চলেছে। এর আগে ১৯৮০ সালে ‘বংশ বৃক্ষম’ সিনেমার মাধ্যমে তেলুগু সিনেমায় অভিষেক হয়েছিল এ বর্ষীয়ান অভিনেতার। তারপর কেটে গেছে ৪৬ বছর। সাড়ে চার দশক পর আবার সেই ইন্ডাস্ট্রিতে ফিরছেন তিনি।

প্রশান্ত নায়ার পরিচালিত ‘ড্রাগন’ সিনেমায় অনিলকে দেখা যাবে ভারতের নার্কোটিকস ব্যুরোর প্রধান রঘুবীর রাঠৌরের চরিত্রে। ষাটের দশকের আন্তর্জাতিক আফিম পাচার কেন্দ্র করে আবর্তিত হয়েছে এ সিনেমার কাহিনি। সেই অন্ধকার জগতের রক্তক্ষয়ী ক্ষমতার লড়াইয়ের মধ্যেই উঠে আসবে জুনিয়র এনটিআর অভিনীত ‘লুগার’ চরিত্র, যিনি আফগান ট্রেডিং কোম্পানির নির্মম ঘাতক। 

প্যান-ইন্ডিয়া দর্শকের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে ‘ড্রাগন’ সিনেমাটি। আগামী বছর ১১ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে এ সিনেমাটি। তেলুগুর পাশাপাশি হিন্দি, তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষাতেও মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এ সিনেমাটি।

‘ড্রাগন’ সিনেমায় অনিল কাপুর-জুনিয়র এনটিআর ছাড়াও আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিজু মেনন, রুক্মিণী বসন্ত ও আশুতোষ রানা।


আরো খবর